মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ চার বছরের শিশু রাকিবা আক্তার রুহির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দীর্ঘ অভিযানের পর একটি নির্জন নারকেল বাগান থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।গ্রেপ্তার অন্য দুজন হলেন—মামলার প্রধান অভিযুক্ত রিপন টুডু (৩৫) ও তাঁর সহযোগী সুজন টুডু (২০)। পুলিশ জানিয়েছে, আসামীদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের দেওয়া তথ্য যাচাইয়ের পর মরদেহ উদ্ধারে অভিযান চালানো হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার সংলগ্ন এলাকার রিপন টুডুর সঙ্গে শিশুটির মা জিন্নাতুন বেগমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে জিন্নাতুন তাঁর চার বছর বয়সী মেয়ে রুহিকে নিয়ে রিপনের বাড়ীতে বসবাস শুরু করেন। এ সময় শিশুটিকে কেন্দ্র করে তাঁদের মধ্যে একাধিকবার বিরোধের সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৫ জুন রাতে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে। একপর্যায়ে শিশুটির মৃত্যু হলে মরদেহ গোপন করার পরিকল্পনা করা হয়। পরে রিপন টুডু মোবাইল ফোনে সুজন টুডুকে ডেকে আনেন। তাঁরা মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ীর পাশের নারকেল বাগানে নিয়ে যান এবং সেখানে মাটিচাপা দেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, ঘটনা গোপন রাখতে একই এলাকার কাছাকাছি আরেকটি গর্ত করে সেখানে একটি কুকুরের মরদেহ পুঁতে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য প্রাথমিক অনুসন্ধানের পর সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাঁদের দেওয়া তথ্য যাচাই করে মঙ্গলবার সকালে নারকেল বাগানে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। দীর্ঘ সময় মাটি খননের পর বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি তদন্তে জেলা গোয়েন্দা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। একই সঙ্গে উদ্ধার করা মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজের ঘটনা থেকে শুরু করে আসামীদের শনাক্ত, গ্রেপ্তার এবং মরদেহ উদ্ধারের প্রতিটি ধাপ তদন্তের আওতায় নেওয়া হয়েছে। এ ধরনের গুরুতর অপরাধের রহস্য উদঘাটনে তদন্তকারী সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযান ও জিজ্ঞাসাবাদ পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
No tags found for this post.
মন্তব্য করুন