কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের একদিন পর ফের সংঘাতের আশঙ্কায় অভিযান চালিয়ে টেঁটা, বল্লম, হাতুড়ি, দা ও ইটের খোয়া সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতির বাড়ির আশেপাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, গত ২৫ সেপ্টেম্বরের ঘটনার পর দুই পক্ষের লোকজন পুনরায় সংঘাতে জড়াতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আখড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি থেকে টেঁটা, বল্লম, হাতুড়ি, দা ও ইটের খোয়া সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে এসব অস্ত্র থানায় নিয়ে যাওয়া হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্ত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্ব অষ্টগ্রামের আখড়া বাজার এলাকায় বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের সিনিয়র সহঃ পুলিশ সুপার, ওসি, সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
No tags found for this post.
মন্তব্য করুন