সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের একটি চালান পৌঁছে দেওয়ার খবর পেয়ে সকাল ১০টার দিকে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক লেদা বাজার অতিক্রম করার সময় সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতর ধাতব বস্তুর উপস্থিতি শনাক্তের পর ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি টেজার ও ছয়টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।
এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবির তথ্য অনুযায়ী, উসমান বেলাল ও আনসার আলী ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মো. মুসলিম ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।