মোঃ নয়ন আলী, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি নির্মাণ করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন।
পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল ও ক্রাইম সিনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল করিম রেজা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে খালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।
পুলিশ জানিয়েছে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।
No tags found for this post.
মন্তব্য করুন