দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক পাঁচটি বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এবং দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, সিমকার্ড ও ব্লুটুথ ইয়ারবাডও জব্দ করা হয়।
বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর বিওপির একটি দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বোটডাঙ্গী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ২৬টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি ব্লুটুথ ইয়ারবাডসহ মো. শামীম আকতার (২৬) নামে একজনকে আটক করা হয়।
আটক শামীম আকতার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। পরে তাকে উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চাপসার বিওপির পৃথক অভিযানে হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৭/৬-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতুরিয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া রাত ৮টা ২০ মিনিটে চান্দুরিয়া বিওপির অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৭টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর বিওপির আরেকটি অভিযানে পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দস্তমপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
সবশেষে ৭ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে এনায়েতপুর বিওপির অভিযানে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কইকুরি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
No tags found for this post.
মন্তব্য করুন