চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেরানীহাট বাজারসংলগ্ন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মো. রাকিব (২২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রাকিব সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মনির আহম্মেদের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন