দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর জিলা স্কুলে নবনির্মিত পদচারপথের শুভ উদ্বোধন করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ তারিখে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মারক ফলকের আবরণ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদচারপথের উদ্বোধন করেন।
বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়ান। পরে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষিকারা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান।
বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের পর বিভাগীয় কমিশনার প্রথমে সেখানে অবস্থিত পুরোনো দক্ষিণ এশিয়ার মানচিত্রটি পরিদর্শন করেন। এরপর তিনি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি কাজী কাদের নেওয়াজের নামাঙ্কিত অডিটোরিয়াম পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মারক ফলকের আবরণ উন্মোচন করে নবনির্মিত পদচারপথের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। উদ্বোধন উপলক্ষে উপস্থিত অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
উদ্বোধনী কার্যক্রম শেষে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে কিছু সময় অবস্থান করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন । শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলের উপযোগী সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
নতুন পদচারপথটি বিদ্যালয়ের দৈনন্দিন চলাচলে স্বাচ্ছন্দ্য ও শৃঙ্খলা আনতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন