কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আটক চালকের নাম মো. হুমায়ুন কবির (২২)। তিনি টেকনাফ উপজেলার উনচিপ্রাং গ্রামের নুরুল আফসারের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় চালকের আসনের নিচে তৈরি করা একটি গোপন চেম্বারে বিশেষ কৌশলে লুকানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হ্নীলা থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজিবি জানায়।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন