রংপুর মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ এলাকায় রংপুরের হোসেননগর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জমকালো এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শরৎকালের মনোরম আবহাওয়ায় নদীর দুই পাড়ে সমবেত হয়েছিল হাজার হাজার উৎসুক দর্শক।
প্রতিযোগিতায় রংপুর ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বেশ কয়েকটি সুসজ্জিত ও দ্রুতগতির নৌকা অংশ নেয়। বাহারি রঙের পোশাক পরা মাঝিমাল্লারা কাঁসা ও করতাল বাজিয়ে, সারিগান গেয়ে একযোগে বৈঠা চালনা করেন। তাদের সুসংহত হাতের টানে ঘাঘট নদীর শান্ত জল উত্তাল হয়ে ওঠে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ জোগান।
বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নদীর ঘাটে ঘাটে বসেছিল গ্রামীণ মেলা, যা উৎসবের রঙ আরও বাড়িয়ে দেয়।এই ঐতিহ্যবাহী আয়োজন সম্পর্কে স্থানীয় প্রবীণরা জানান, কালের বিবর্তনে অনেক লোকজ সংস্কৃতি হারিয়ে গেলেও ঘাঘট নদীর এই নৌকা বাইচ এখনো তাদের আনন্দ ও ঐক্যের প্রতীক।
নতুন প্রজন্মের কাছে বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতেই প্রতি বছর এই বাইচের আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এই ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। হোসেননগরের এই নৌকা বাইচ কেবল একটি খেলাই নয়, এটি যেন রূপ নিয়েছে এই অঞ্চলের সম্প্রীতির এক মহা মিলনের এই উৎসব মুখর পরিবেশ।
No tags found for this post.
মন্তব্য করুন