কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ বেলাল হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক বেলাল হোসেন উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে গামছায় মোড়ানো একটি পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে তাঁকে চ্যালেঞ্জ করা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টনে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন