প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার সন্ধ্যায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা ও আনন্দ-উৎসব শেষে আজ মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যায় দেবী দুর্গা। তাই গাজীপুরের কালিয়াকৈরে পূজামণ্ডপগুলোতে বিরাজ করে বিদায়ের বিষাদ।
বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করেন ভক্তরা বিদায়বেলায় দেবীকে শেষবারের মতো দর্শন করে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা।
বিকেলে শুরু হবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন। পূজা কমিটির নেতৃত্বে কালিয়াকৈর বাজার মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে চাপাইর ব্রীজ তুরাগ নদীর ঘাটে পৌঁছায় । সেখানে বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সারা দেশে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। এদিকে পূজা বিসর্জন পরিদর্শন আসেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।
গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। ২০ অক্টোবর মহানবমীর নানা আয়োজন শেষে আজ বিজয়া দশমীতে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব।
No tags found for this post.
মন্তব্য করুন