স্থানীয় সরকার নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে এক সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)-এর সদস্য সচিব, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী দিনাজপুর-৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) ডা: মো: আব্দুল আহাদ।
সংবাদ সম্মেলনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাত এবং ফুলবাড়ী পৌরসভার মেয়র পদে যুগ্ম সমন্বয়ক শিহাব হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: মো: আব্দুল আহাদ বলেন
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তস্নাত চেতনা থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একজন কর্মী ও নেতা হিসেবে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আজ ২০২৬ সালের এই ক্রান্তিলগ্নে এসে আমরা এক গভীর জাতীয় সংকটের মুখোমুখি।
আমরা লক্ষ্য করছি, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি কেবল কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিদেশি আধিপত্যবাদের মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার এক গভীর ষড়যন্ত্র। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—জুলাইয়ের প্রজন্ম রাজপথ ছেড়ে যায়নি, ফ্যাসিবাদী শক্তির যেকোনো আস্ফালন আমরা রাজপথেই রুখে দেব।
আপনারা জানেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, আমরা এই স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী দেব। কারণ, আমরা বিশ্বাস করি—তৃণমূলের মানুষের প্রকৃত ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নতুন নেতৃত্ব ও বিকল্প রাজনৈতিক শক্তির বিকল্প নেই।
এ সময় ইমরান চৌধুরী নিশাদ বলেন
আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার আমরা করেছিলাম, আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সেই আকাঙ্ক্ষা বারবার হোঁচট খাচ্ছে।
একটি পুরোনো ও একপেশে রাজনৈতিক বন্দোবস্ত আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। চাঁদাবাজি, দখলদারিত্ব, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটে আজ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—ফ্যাসিবাদের পতনের পর দেশে কোনো নতুন মাফিয়াতন্ত্র বা একদলীয় আধিপত্য জনগণ মেনে নেবে না।
স্থানীয় সরকার নির্বাচন কেবল চেয়ারম্যান বা মেয়র নির্বাচনের লড়াই নয়; এটি তৃণমূলে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লড়াই। আসুন, পুরোনো ও ব্যর্থ রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পতাকাতলে ঐক্যবদ্ধ হই। আমরা কথা দিচ্ছি—জনগণের আমানত রক্ষা করে আমরা একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থা উপহার দেব।
দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ-
সহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখার স্থানীয় নেতৃবৃন্দ।
No tags found for this post.
মন্তব্য করুন