কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
No tags found for this post.
মন্তব্য করুন