আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছ থেকে প্রত্যাশিত ছাড় না পাওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণে প্রাথমিকভাবে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হলেও এখন সেখানে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়টি বিবেচনা করছে দলটি। অন্যদিকে আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের মধ্যেই দুই নেতা তাঁদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণে এবং আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তরে ভোটার হয়েছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমার এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটের (ভোটদানের) এলাকা স্থানান্তর করা হয়েছে। তবে নির্বাচনী এলাকা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
জামায়াতের প্রার্থী সাদিক কায়েম, বদলাচ্ছে এনসিপির হিসাব
এনসিপির কৌশল পরিবর্তনের পেছনে ঢাকা দক্ষিণে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমকে রাখার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদকে প্রার্থী করার পর সেখানে জামায়াতের প্রার্থী দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি এনসিপি। দলটির প্রত্যাশা ছিল, জোটগত সমঝোতার ভিত্তিতে জামায়াত দক্ষিণে এনসিপির প্রার্থীকে সমর্থন দেবে। কিন্তু সেই সমঝোতা না হওয়ায় বিকল্প পথে হাঁটছে দলটি।
এরই অংশ হিসেবে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।
কে কোথায় ভোটার হলেন
নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন।
অন্যদিকে আসিফ মাহমুদ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি এলাকার ভোটার ছিলেন। সেখান থেকে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
এনসিপির গণমাধ্যমবিষয়ক উপকমিটি সোমবার দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। দলটি জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা হয়। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার পর নির্বাচন কমিশন আবেদন অনুমোদন করেছে।
দক্ষিণে নাসীরুদ্দীনকে ঘিরে নতুন সমীকরণ
এনসিপির কয়েকজন নেতা মনে করছেন, জামায়াতের সমর্থক ও ভোটারদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সে সময় জামায়াতের কাছ থেকে লোকবলসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছিলেন পাটওয়ারী। স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরাও তাঁর পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন।
এ কারণে দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীনকে প্রার্থী করা হলে জামায়াতের ভোটারদের একটি অংশকে এনসিপির পক্ষে আনার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে দলটি। পাশাপাশি জুলাই-পরবর্তী তরুণ ভোটারদের মধ্যে নাসীরুদ্দীনের যে পরিচিতি তৈরি হয়েছে, সেটিও কাজে লাগাতে চায় এনসিপি।
এনসিপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি শুধু ব্যক্তিগত ঠিকানা বদলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে দলের রাজনৈতিক কৌশলেরও সম্পর্ক রয়েছে। বিশেষ করে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সামনে রেখে জামায়াতের ভোটারদের একটি অংশের সমর্থন পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণে না পেরে উত্তরে আসিফ
অন্যদিকে আসিফ মাহমুদ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি নির্বাচনী প্রচারও শুরু করেছিলেন। তবে শেষ মুহূর্তে এনসিপিতে যোগ দেন তিনি। পরে এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নেয়।
দলীয় সূত্রের দাবি, জামায়াতের কাছ থেকে ছাড় না পাওয়ায় শেষ পর্যন্ত আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। এবারও ঢাকা দক্ষিণে তাঁর প্রার্থিতার পথে জামায়াতের অবস্থান প্রভাব ফেলছে বলে দলটির ভেতরে আলোচনা রয়েছে।
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এনসিপি আগেভাগেই আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষণা করেছিল। এরপর জামায়াত দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী করার কথা জানায়। এ নিয়ে দুই দলের মধ্যে দক্ষিণের মেয়র পদ নিয়ে দর-কষাকষি চলছিল।
চাহিদামতো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত কৌশল বদলে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী করার পথে এগোচ্ছে এনসিপি—এমনটাই জানিয়েছে দলীয় সূত্র।
মন্তব্য করুন