সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
No tags found for this post.
মন্তব্য করুন