ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবার দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্মাননা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের কনসালটেটিভ স্ট্যাটাসসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠান এমসিআইএফকের শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে যান এই জনপ্রিয় শিল্পী। সেখানেই এমসিআইএফকের পক্ষ থেকে তার হাতে দুই বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে আন্তর্জাতিক সম্মাননাও দেওয়া হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক’ অনুষ্ঠানে রবি চৌধুরীকে ‘প্লাটিনাম হুস হুদ্য আলটিমেট ইন অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিকতা, নেতৃত্ব, উৎকর্ষ, বৈশ্বিক প্রভাব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
আগামী দুই বছর শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন রবি চৌধুরী। এ দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আন্তর্জাতিক একটি সংস্থায় দুই বছর শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। এ ধরনের একটি দায়িত্ব পাওয়া একজন শিল্পী হিসেবে যেমন সম্মানের, তেমনি গর্বের ও আনন্দের।”
রবি চৌধুরী আরও বলেন, “একজন শিল্পী হিসেবে দেশে-বিদেশে মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। তবে এই দায়িত্ব ও সম্মাননা গান গাওয়ার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আমাকে আরও সক্রিয় হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে।”
তিনি এমসিআইএফকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মনিকা সানচেজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন এই দায়িত্বের মাধ্যমে সংগীতের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রবি চৌধুরী।
মন্তব্য করুন