কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় ১১১ বস্তা সারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুইটি টলি গাড়িও জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে টলি গাড়িতে করে সার স্থানান্তরের সময় ড্রাইভার শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার এলএলবি জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় শাহিন মিয়া, জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনকে আসামি করে মিঠামইন থানায় আজ ২৯ শে সেপ্টেম্বর মঙ্গল বার এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন হাতে তুলে নিলে তাকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে জব্দকৃত সার ও টলি গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন