দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল (TAPENTADOL) ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ৭৪ হাজার ৪০০ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ধর্মজান বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্তবর্তী কাঠুলিয়াপাড়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধ এবং এর ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন