পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। গতকাল দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা কমিউনিটি ইসলামিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপির ক্রসফায়ার করার কথা বলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ। এদিকে একই দিনের বক্তব্যে মাদকবিরোধী বক্তব্য দিয়ে গিয়ে আইজিপি বলেন, মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। আইজিপির এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে বলেন আতিক আজিজ।
জাপমাস এর প্রচার সম্পাদক সাংবাদিক এ,আর সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে জাপমাস এর চেয়ারম্যান জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকান্ডকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দিয়েছেন আইজিপি। তার এ বক্তব্য সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, আইজিপির প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত এবং জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাপমাস এর চেয়ারম্যান আতিক আজিজ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মূল নীতির পরিপন্থি। কোনো নাগরিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অধিকার রাষ্ট্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই।
আতিক আজিজ আরও বলেন, যে কর্মকর্তার দায়িত্ব বাহিনীকে আইনের মধ্যে থেকে পরিচালনা করা, তিনিই যখন ক্রসফায়ারকে বিকল্প হিসেবে সামনে আনেন, তখন তার দায়িত্ববোধ ও নেতৃত্বের উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক।
No tags found for this post.
মন্তব্য করুন