দিনাজপুরের বিরল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারীর অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি, পেশাদারিত্ব ও কার্যকর অভিযানের মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন