কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন জীম্বংখালী বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তসংলগ্ন ৭ নম্বর বিজিবি পোস্টের কাছে সেলিম আহম্মেদের মাছের ঘের এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমার থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় ওই দুই ব্যক্তি ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া ওই এলাকায় তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন