মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত দায়িত্ব পালন করা হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নদী ও সমুদ্র উপকূলে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ শুধু বর্তমান মৎস্যসম্পদ রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন কিংবা মা ইলিশ সংরক্ষণবিরোধী যেকোনো কর্মকাণ্ডের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে মা ইলিশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন