ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন, বসতবাড়ি উচ্ছেদ ও মসজিদে হামলার অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পঞ্চগড় জেলা শাখা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে দলটির নেতাকর্মীরা ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে জাগপার নেতারা অভিযোগ করেন, আসাম থেকে দিল্লিসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। তাঁদের দাবি, আসামে ১ হাজার ১০০টি এবং দিল্লিতে ৬০০টি মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে মসজিদ ভাঙা এবং উত্তরাখণ্ডে মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার থেকে পরিবর্তনের অভিযোগও তুলে ধরেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ভারত সরকার একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও অন্যদিকে দেশটির মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলে তাঁরা মনে করেন। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের আহ্বান জানান তাঁরা।
পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেঁতুলিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং জেলা ছাত্রকাফেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
সমাবেশ থেকে ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন