দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।
গত ২৯ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানানো হয়নি।
উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকেও বিপর্যস্ত করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়ীত্ব।
এ দায়ীত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়ীত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন