বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়ার দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাজলগৌরী এলাকায় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১২, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কাজলগৌরী এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮) এবং খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ মো. আবু তালেব (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্নাফ হোসেন ওরফে তানসেন কাজলগৌরী এলাকার মো. জলিলুর রহমান ও মোছা. মনোয়ারা বেগমের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি মো. আবু তালেব গয়নাকুড়ী এলাকার মো. ইউনুছ আলী ও শামছুন্নাহারের ছেলে।
অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়া ও এ ধরনের অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন