বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ও ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদকে অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) মোরেলগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী শিক্ষক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি শিক্ষক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে তিনি শিক্ষক সমাজের অধিকার ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ শেফাইনুর আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রাসেল মোল্লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারমিন খাতুন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসনে আরা হাসি।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা আমার কাছে শুধু পেশা ছিল না এটি ছিল ভালোবাসা, দায়িত্ব ও মানুষ গড়ার এক মহৎ ব্রত। শিক্ষার্থীদের স্নেহ, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষা পরিবারের ভালোবাসা আমাকে প্রতিটি মুহূর্তে অনুপ্রাণিত করেছে। আজকের এই আয়োজন ও সম্মান আমার জীবনের এক স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে।
তিনি আরও বলেন,চাকরি থেকে অবসর নিলেও শিক্ষকতা ও শিক্ষার প্রতি আমার ভালোবাসা কখনো অবসর নেবে না। শিক্ষক সমাজের কল্যাণ এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জীবনের বাকি সময়টুকুও কাজ করে যেতে চাই। যাঁরা দীর্ঘদিন আমার পাশে ছিলেন এবং আজকের এই আয়োজনের মাধ্যমে আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষক হারুন অর রশিদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে তার অবদান ও শিক্ষক সংগঠনে ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তার অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য শান্তি ও কল্যাণ কামনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বিকেলে অসংখ্য উপহারসামগ্রী প্রদান করে প্রধান শিক্ষক হারুন অর রশিদকে বর্ণাঢ্য সাজে ঘোড়ার গাড়িতে তুলে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন