সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সাবরাং ইউনিয়নের মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠসংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং সড়কে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি চারটি পুরোনো লুঙ্গির পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে পোটলাগুলো তল্লাশি করে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস রিলিজে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন