কালিয়াকৈর(গাজীপুর) উপজেলা প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির বড় ধরনের মহাপরিকল্পনা নস্যাৎ করে দিল থানা পুলিশ। রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ড ট্রাকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চন্দ্রা এলাকায় একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মহাসড়ক থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে রামদা, ছুরি, রশি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ডাকাত। তারা গাইবান্ধা ও বগুড়া থেকে এসে কালিয়াকৈর-চন্দ্রা-মির্জাপুর এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন
রশিদুল (৩১)গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ফুলবাড়িয়া।
অপু মিয়া (২৭)গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাগদরিয়া।ফারুক মিয়া (৩০) গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, মাদারদহ।
আনজু মিয়া (৪০)গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, দিকবাড়ি।
খোকন মিয়া (২৭)বগুড়া সদর, সরলপুর।
কালিয়াকৈর থানা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে। তারা ট্রাকে করে এসে মহাসড়কে চলন্ত গাড়ি ও গার্মেন্টসের পণ্যবাহী ট্রাক টার্গেট করত।
ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেপ্তার করেছি। তারা একটি বড় ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে মামলা করে সোমবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। কালিয়াকৈরের মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
চন্দ্রা এলাকার ব্যবসায়ী ও শ্রমিকরা বলেন,রাত হলেই চন্দ্রা-বাইপাসে ডাকাতির ভয়ে কেউ চলাচল করতে পারত না। পুলিশের এই অভিযানে আমরা স্বস্তি পেয়েছি। তবে ডাকাত চক্রের মূলহোতাদেরও ধরতে হবে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই অংশে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটত। এবার পুলিশের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় ঠেকানো গেল। তবে এলাকাবাসী দাবি করছেন, রাতে মহাসড়কে পুলিশি টহল আরও বাড়ানো হোক।
মন্তব্য করুন