কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন ও টেকনাফ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত মো. আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে ক্যাম্প-২৪-এর ব্লক-ই (এলএমএস) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলমের অবস্থান শনাক্ত করে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল ও টেকনাফ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ক্যাম্পের ব্লক-ই (এলএমএস) এলাকার ১৬২ নম্বর শেডে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানকারী দলের সদস্যরা তাঁকে আটক করেন।
গ্রেপ্তার মো. আলমের পিতার নাম খুইল্যা মিয়া। তিনি ক্যাম্প-২৪-এর ব্লক-ই (এলএমএস) এলাকার ১৬২ নম্বর শেডের বাসিন্দা।
সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় ২০২২ সালের ৫ মে দায়ের করা ১১ নম্বর মামলায় জিআর ৪০৪/২২ (টি) নম্বরের ওয়ারেন্ট রয়েছে। মামলাটি জুয়া আইন, ১৮৬৮-এর ৩ ও ৪ ধারায় করা হয়েছিল।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন