খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সন্ধানে পাঁচটি থানা এলাকায় মোট ৫৫টি বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা ও ডুমুরিয়া থানা এলাকায় ডিবির বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—তেরখাদা উপজেলার বলর্দ্ধনা গ্রামের জুয়েল শেখ (৪৩), দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের বাচ্চু শেখ (৫১), ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা (মধ্যডাঙ্গা) গ্রামের মো. শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে শিহাব (২৭) এবং আলকা (উত্তর) গ্রামের আব্দুল কাদির জিলানী (২৯)।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জুয়েল শেখকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বাচ্চু শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিঘলিয়া থানায় ২০২১ ও ২০২২ সালে দায়ের করা মোট চারটি মামলার তথ্য রয়েছে। এ ছাড়া শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে শিহাবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। আব্দুল কাদির জিলানীর বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার তথ্য রয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।
একই সঙ্গে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
No tags found for this post.
মন্তব্য করুন