শীতের শুরুতেই কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল ও শাপলাবিলে অতিথি পাখির আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে পাখির অবাধ বিচরণের এই প্রাকৃতিক পরিবেশে ফাঁদ পেতে শিকার করছে একটি চক্র। পাখি শিকার বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে প্রায় ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। এ সময় শিকারিদের ফাঁদ থেকে আটটি জীবিত বক উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া রেঞ্জ বন বিভাগের সমন্বয়ে মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জের সদর বিটের আওতাধীন মাছকারিয়া বিলে পরিচালিত এ অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তাসহ বন বিভাগের কর্মীরা অংশ নেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাখি শিকারে ব্যবহৃত জাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি পাখি শিকারের উদ্দেশ্যে স্থাপন করা পাঁচ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
তিনি বলেন, অতিথি পাখি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতের শুরুতে মাছকারিয়া বিল ও শাপলাবিল এলাকায় অতিথি পাখির আগমন বাড়ে। এ সময় একশ্রেণির মৌসুমি শিকারি পাখি শিকারের ফাঁদ পেতে থাকে। এতে পাখির নিরাপদ বিচরণ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা জরুরি।
No tags found for this post.
মন্তব্য করুন