বাংলাদেশ-চীন যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে করে দিন আলোচনা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্যানজিনোমভিত্তিক টারটারিক বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষিবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের কনফারেন্স রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের (CAAS) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো। তিনি প্যানজিনোমভিত্তিক আধুনিক প্রজনন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে টারটারিক বাকহুইটের জিনগত বৈচিত্র্য শনাক্তকরণ, উন্নত জাত উদ্ভাবন এবং প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজন ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বক্তব্যে তিনি বলেন, আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তির প্রয়োগ কৃষি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। চীনের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান CAAS-এর সঙ্গে হাবিপ্রবির যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভবিষ্যতে কার্যকর সহযোগিতা গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মেইলিয়াং ঝোকে গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের জন্য ধন্যবাদ জানান।
এগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, বাকহুইট প্রচলিত অর্থে প্রকৃত শস্য নয়; এটি একটি ছদ্মশস্য বা সিউডোসেরিয়াল। কমন বাকহুইট (Fagopyrum esculentum) এবং টারটারিক বাকহুইট (Fagopyrum tataricum)—এই দুই প্রজাতি পুষ্টিগুণের জন্য বিশেষভাবে পরিচিত। এতে প্রোটিন, খাদ্যআঁশ, লাইসিনসহ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় যথাযথভাবে প্রক্রিয়াজাত ও দূষণমুক্ত অবস্থায় এটি গ্লুটেনমুক্ত খাদ্যের একটি সম্ভাবনাময় বিকল্প।
বাকহুইটে থাকা রুটিন ও কুয়েরসেটিনের মতো ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে। পাশাপাশি রক্তে গ্লুকোজ ও লিপিডের নির্দিষ্ট সূচকের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বক্তারা উল্লেখ করেন, স্বল্পমেয়াদী ও তুলনামূলকভাবে কম পরিচিত ফসল হিসেবে বাকহুইট কৃষি ব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। তবে অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং জাতভেদে পরিবেশগত প্রতিক্রিয়ার কারণে এর উৎপাদনশীলতা পরিবর্তিত হতে পারে। তাই বাংলাদেশের কৃষিতে এ ফসলের সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা যাচাই, জার্মপ্লাজম মূল্যায়ন, মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ এবং কৃষিতাত্ত্বিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে বাকহুইটের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত জাত নির্বাচন, জিনোম ও মলিকুলার বৈশিষ্ট্য নির্ধারণ, উপযোগী উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং দানা থেকে গ্রোটস, আটা, নুডলসসহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির সুযোগ নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের কৃষি ও পুষ্টিনিরাপত্তার অগ্রাধিকারকে সমন্বয় করা গেলে ভবিষ্যতে ফসল বৈচিত্র্যকরণ ও জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
তথ্যসূত্র: জনসংযোগ ও প্রকাশনা শাখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
No tags found for this post.
মন্তব্য করুন