দিনাজপুরে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পশু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম মাদ্রাসাসংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. এনামউল্যা। ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারী টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রফেসর ড. মো. ফারুক ইসলামসহ ভেটেরিনারি সার্জন, শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারী টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এ সময় দুজন সিনিয়র হাউস সার্জন, একজন ফার্ম সুপারভাইজার এবং ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পশুপালনবিষয়ক পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। দেশের অর্থনীতিতে প্রান্তিক কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে। এতে গবাদিপশুর রোগবালাই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সমস্যা শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের দক্ষতা বাড়বে।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, গবাদিপশু, হাঁস-মুরগী ও অন্যান্য প্রাণীর লালন-পালন এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সহযোগীতা নেওয়া যাবে। এ ধরনের কর্মসূচী নিয়মিত আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পাঠানো তথ্য অনুযায়ী, এ ক্যাম্পে ২৫০টি গরু, ৩০০টি ছাগল, ৬০টি হাঁস-মুরগী, ৭০টি ভেড়া, ৪টি বিড়াল এবং তিনটি গবাদিপশুর খামার পরিদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, রোগ প্রতিরোধে টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষক ও খামারিরা বিনামূল্যে প্রাণীস্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। প্রান্তিক পর্যায়ে এ ধরনের চিকিৎসা কার্যক্রম প্রাণীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
No tags found for this post.
মন্তব্য করুন