বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আজ সোমবারের মধ্যেই এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
রোববার মধ্যরাতে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর কেন্দ্রের অবস্থান ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা হাওয়ার সঙ্গে এই গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। ফলে নিম্নচাপটির আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
No tags found for this post.
মন্তব্য করুন