আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মানিক সাহা চৌধুরী, সদস্যসচিব সুজিত দত্ত, এলেঙ্গা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও পটল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ সাহা, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ এবং জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটির সভাপতি মহসিন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব সরকার ও মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ২০২৬ সালে কালিহাতী উপজেলায় মোট ১৮৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার প্রতিটি পূজামণ্ডপে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর রাখার জন্য সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, ২০২৬ সালে প্রতিটি পূজামণ্ডপের জন্য জিআর তহবিল থেকে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, যানবাহন ব্যবস্থাপনা এবং উৎসবকালীন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
No tags found for this post.
মন্তব্য করুন