কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তবে অভিযানের সময় বাড়ি দুটির বাসিন্দা হিসেবে চিহ্নিত দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনির বসতবাড়ি থেকে ১০ হাজার পিস এবং জিল্লুর রহমান ওরফে কালুর বসতবাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এবং সীমান্ত এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
No tags found for this post.
মন্তব্য করুন