কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন স্থানীয় বাঙালি। তাঁদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফ (এলএমএস) ব্লকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল টহল দল ক্যাম্পের এফ ব্লকে টহল দেওয়ার সময় স্থানীয় আব্দুল জলিলের বসতশেডের পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে টহল দল চারজনকে আটক করে।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ভাঙা ইয়াবার গুঁড়া, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২২-এর ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩২(১) ধারায় আব্দুল জলিলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অপর তিনজন সৈয়দ নূর, মো. ইছহাক ও রোহিঙ্গা নাগরিক শাহ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার আব্দুল জলিল (৩৮), সৈয়দ নূর (৩৫) ও মো. ইছহাক (৪২)। অপরজন রোহিঙ্গা নাগরিক শাহ আলম (৩০), যিনি লেদা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা।
No tags found for this post.
মন্তব্য করুন