ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য এক লাখ টাকা। তবে অভিযানের সময় মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গত ৬ নভেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ মিনাপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানস্থলে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে।
তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারী ও গোয়েন্দা তৎপরতার কারণে তাদের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। শুধু মাদক উদ্ধার নয়, পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।
সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনা গেলে সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে বলে মনে করছেন সচেতন মহল।
No tags found for this post.
মন্তব্য করুন