শিক্ষার আলো ছড়ানোর পবিত্র অঙ্গন আর জেলার অন্যতম বৃহত্তম পশুর হাট—দুটোই অবস্থান করছে একই সীমানায়। সপ্তাহে দুই দিন (শনিবার ও বুধবার) যখন হাট বসে, তখন খাতার কলম কিংবা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হতে হয় গরু-ছাগলের বিশাল বহর আর উপচে পড়া ভিড়ের। পঞ্চগড়ের বোদা পৌরশহরের বোদা মহিলা মহাবিদ্যালয় ও নগর কুমারী পশুর হাটের এই অদ্ভুত সহাবস্থান দীর্ঘদিনের এক চিরস্থায়ী ভোগান্তিতে পরিণত হয়েছে।
জেলার অন্যতম বৃহৎ এই পশুর হাটে সপ্তাহের নির্দিষ্ট দুই দিনে হাজারো ক্রেতা-বিক্রেতা ও পশুর সমাগম ঘটে। কিন্তু মহাবিদ্যালয়ের মূল ফটক ও যাতায়াতের রাস্তাটি হাটের মধ্য দিয়েই হওয়ায় বিপত্তি বাধে। একদিকে ক্লাস কিংবা পরীক্ষার তাড়া নিয়ে চলা তরুণী শিক্ষার্থীরা, অন্যদিকে পশুর হাকডাক, ভিড় আর বাজারের কোলাহল।
শিক্ষার্থী সিনথিয়া, সোনিয়া, কেমি ও রঞ্জিনার গলায় ঝরে পড়ে ক্ষোভ ও অস্বস্তির সুর। তাঁরা জানান, “বিশেষ করে বুধবারের হাটে আমাদের কলেজে যাওয়া-আসার পুরো পথটাই একটা সংগ্রাম। অনেক সময় রাস্তায় পশুর মলমূত্র মাড়িয়ে বা ভিড় ঠেলে চলতে হয়, যা অত্যন্ত বিব্রতকর ও অস্বাস্থ্যকর। আমরা দ্রুত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই।”
জানা যায়, একসময় এই সমস্যা সমাধানে স্থানীয় পৌর প্রশাসনের উদ্যোগে একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের সংস্কার ও রক্ষণাবেক্ষণের চরম অবহেলায় সেটিও এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিকল্প পথ কাগজে-কলমে থাকলেও বাস্তবে তার কোনো সুফল মিলছে না।
অন্যদিকে ভোগান্তিতে রয়েছেন ব্যবসায়ীরাও। ব্যবসায়ী ছালাম, বশির ও সোমে আলী আক্ষেপ করে বলেন, “হাটের দিনে প্রচণ্ড ভিড়ে ছাত্রীদের যাতায়াত ব্যাহত হয়—এটা যেমন সত্য, তেমনি তাদের পথ সুগম করতে গিয়ে আমরাও ব্যবসায়ীরা বিব্রতকর অবস্থায় পড়ি। আমরাও চাই এই জটিলতার একটি স্থায়ী ও সুন্দর সমাধান হোক।”
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পশুর হাটের কার্যক্রম—দুটিই সমান জরুরি। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে একটির কারণে অন্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন বলেন, “মহাবিদ্যালয়ের কোনো একক বা স্বাধীন সংযোগ সড়ক না থাকায় হাটের দিনে শিক্ষক-শিক্ষার্থীদের মানুষে ভিড়ে যাতায়াতে চরম অসুবিধা পোহাতে হয়। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই আমি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।”
স্থানীয়দের জোরালো দাবি, বোদা পৌর প্রশাসন, মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাট ইজারাদারদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে একটি কার্যকর উদ্যোগ নেওয়া হোক। অকেজো হয়ে থাকা বিকল্প সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা কিংবা সম্পূর্ণ পৃথক একটি নতুন যাতায়াত পথ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। শিক্ষার স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং ব্যবসায়ী ও শিক্ষার্থীদের পারস্পরিক স্বস্তি ফেরাতে সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত এগিয়ে আসবে—এমনটাই এখন সর্বস্তরের মানুষের প্রত্যাশা।
No tags found for this post.
মন্তব্য করুন