পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত তিনজনই সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সকালে প্রাইভেট পড়া শেষে তারা একটি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া মহাসড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থী মো. রাব্বির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত দুই শিক্ষার্থী হলো—মো. রাহাত (১৬), পিতা মিজানুর রহমান, বাড়ি ফুলবাড়ি, সাকোয়া, বোদা এবং মো. সাদিক (১৬), পিতা আতাউর রহমান, বাড়ি ভোলাবাসুনিয়া, সাকোয়া, বোদা।
আহত শিক্ষার্থী মো. রাব্বি, পিতা আবু শাহ। তার বাড়ি চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই মাদ্রাসার তিন শিক্ষার্থীর এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় পরিবার-পরিজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
No tags found for this post.
মন্তব্য করুন