দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা।
বিজিবি জানায়, গত ১১ নভেম্বর বুধবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির সদস্যরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করা চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানস্থলে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারী ও গোয়েন্দা তৎপরতার কারণে তাদের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধারই নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।
সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারী আরও জোরদার করা এবং পাচারচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা জরুরী বলে মনে করছেন সচেতন মহল।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
No tags found for this post.
মন্তব্য করুন