পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে পাথরঘাটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশগত নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জলাশয় সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানির সংকট, নদীভাঙন, খাল ভরাট, জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা।
এ ছাড়া পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও জলাশয় পুনরুদ্ধার, পুকুরের পানি পরিশোধন এবং সুপেয় পানির সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার নারী, শিশু, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় চরদুয়ানী ও কাঁঠালতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পুকুরের বালু ও পলি অপসারণ, পুকুর স্যান্ড ফিল্টার (PSF) স্থাপন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আলোচনার ভিত্তিতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানির পাম্প ও সরবরাহব্যবস্থা সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে গেটকা প্রকল্পের আওতায় চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন