দেশ পুনর্গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করলে কোনো বাধাই অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তনে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে তাদেরই। সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হলে দেশের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি আমাদের ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের দায়িত্ব নিতে হবে—দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদেরই গড়ে তুলতে হবে।’
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণ সমাজ তাদের সক্ষমতার প্রমাণ ইতোমধ্যে দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট তারা যে পরিবর্তন আনতে পারে, তা সারা বিশ্বকে দেখিয়েছে। এবার একইভাবে দেশ পুনর্গঠনের কাজে তরুণদের এগিয়ে আসতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে চলমান তিন মাসের কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শতভাগ সাফল্য অর্জন সম্ভব না হলেও অন্তত ৮০ ভাগ নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ডেঙ্গু হয়তো শতভাগ নির্মূল করা সম্ভব নয়। তবে সমন্বিত উদ্যোগ, পরিচ্ছন্নতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ লক্ষ্যে আগামী তিন মাস দেশজুড়ে ব্যাপক তৎপরতা চালানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে নাগরিকদের অন্তত এক ঘণ্টা করে নিজেদের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে তরুণ সমাজ দেখিয়েছে কীভাবে দেশকে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। এখন তরুণদের প্রতি আমার আহ্বান—আসুন, আমরা সবাই মিলে রাষ্ট্র ও দেশকে পুনর্গঠন করি।
তিন মাস চলবে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর সম্ভাব্য সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস এ কার্যক্রম চলবে।
ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এ কার্যক্রম সমন্বয় করবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মাঠপর্যায়ের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আরও যারা বক্তব্য দেন
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
মন্তব্য করুন