সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৬ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিওর আর্থিক সহায়তায় এ আয়োজন করা হয়।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিএফজি সদস্য কাজী মইন উদ্দিন মেরুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি বাবু শিশির কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। বিশেষ অতিথি ছিলেন পিএফজি কো-অর্ডিনেটর ও বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, মন্দিরের সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ কুণ্ডু, বাবু মুরারী মোহন পাল, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্যসচিব লায়ন দেলোয়ার হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আসাদুজ্জামান পলাশ, ছাত্রদলের সাবেক সদস্যসচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর, রাদিয়া জামান রিয়া, শামীমা আক্তার শর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ব্যক্তিগত স্বার্থে যেন কেউ এই সম্প্রীতি নষ্ট না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, দি হাঙ্গার প্রজেক্টের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে উপজেলা প্রশাসনের পাশাপাশি পিএফজি সদস্যদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।সভাপতির বক্তব্যে বাবু শিশির কুমার দাস ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথি ও পিএফজি কো-অর্ডিনেটর শেখ ইফতেখার আহমেদ পলাশ বলেন, ফকিরহাটে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব ধর্ম ও মতের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি সামাজিক বিভেদ নিরসনেও পিএফজি সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।সমাবেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য জোরদারের আহ্বান জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন