বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে।”
নূরুল ইসলাম মনি আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় সমুদ্রসীমায় মাছ ধরার ক্ষেত্রে ট্রলিংয়ের বিষয়েও কথা বলেন চিফ হুইপ। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং পাথরঘাটায় ট্রলিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
সভায় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তাঁর বক্তব্যে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দখলবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
No tags found for this post.
মন্তব্য করুন