শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, গাণিতিক দক্ষতা বৃদ্ধি এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানোর লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির কলেজ ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির মোট ৫৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিক্ষাবিদ মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ফারদিন ফেরদৌস, মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত গণিতচর্চার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের আহ্বান জানান।
এ সময় প্রতিষ্টানটির চেয়ারম্যান হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা এবং গণিতকে আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতি বছরের মতো এ বছরও আমরা এ আয়োজন অব্যাহত রেখেছি। আমরা চাই, শিক্ষার্থীরা গণিতকে ভয়ের বিষয় হিসেবে নয়, বরং আনন্দ, যুক্তি ও সৃজনশীলতা বিকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করুক। গণিতচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটির এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, মেধা যাচাই, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে আইডিয়াল গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে গণিতের বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার সুযোগ পাবে।
উল্লেখ্য, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত আইডিয়াল গণিত অলিম্পিয়াড-২০২৬ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
No tags found for this post.
মন্তব্য করুন