গাজীপুরের কালিয়াকৈরে বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার ধরে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুর চালান।
পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশও আসছে।
No tags found for this post.
মন্তব্য করুন