কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার পর ১২ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল। শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের পুকুরপাড়ের পশ্চিম পাশের সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম রিয়া মনি (১২)। সে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. তাজুল এবং মায়ের নাম রাবেয়া বেগম।
১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়া মনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের পুকুরপাড়ের পশ্চিম পাশের সড়কে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন