ইয়েমেনের হুতিদের হামলার মুখে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ছয় জাতির এই জোট।
রোববার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত জিসিসির ১৬৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘কাউন্সিল সৌদি আরবের সাথে জিসিসিভুক্ত দেশগুলোর পূর্ণ সংহতি, ঐক্যবদ্ধ অবস্থান এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সব পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
একই সঙ্গে ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন জানায় জোটটি। সংকটের রাজনৈতিক সমাধানে জিসিসি উদ্যোগ, জাতীয় সংলাপ সম্মেলনের সিদ্ধান্ত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোকে ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
হরমুজ প্রণালী, বাব আল-মান্দেব ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। কৌশলগত এসব জলপথে নির্বিঘ্নে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাকে যৌথ আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে জোট। নৌ-চলাচলে যেকোনো ধরনের বিধিনিষেধের বিরোধিতা করে গত ২৮ ফেব্রুয়ারির আগের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ প্রসঙ্গে জিসিসি জানায়, এই অঞ্চলকে নতুন করে অস্থিতিশীলতা ও উত্তেজনার দিকে ঠেলে দেওয়া থেকে রক্ষা করতে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান সব মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন রয়েছে।
এছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানায় পরিষদ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্বার্থ জড়িত যেকোনো আলোচনায় জিসিসিভুক্ত দেশগুলোকে সরাসরি সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়।
No tags found for this post.
মন্তব্য করুন