১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে খুলনার ফুলতলায় ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিতব্য পথসভা সফল করতে প্রেস ব্রিফিং করেছে ১১ দলীয় ঐক্য, খুলনা জেলা শাখা।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন।
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলামের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এনসিপি খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্স, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, জেলা যুব সভাপতি অধ্যাপক মোস্তফা আল-মুজাহিদ, ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ফুলতলার ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হবে। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকদের প্রচারপত্রে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
১১ দলীয় ঐক্যের নেতারা আশা প্রকাশ করেন, ফুলতলার এ পথসভা সফল করতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন